শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট মো আব্দুল হক স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে। অন্যরা হলেন, প্রথম যুগ্মআহ্বায়ক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, দ্বিতীয় যুগ্মআহ্বায়ক উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, তৃতীয় যুগ্মআহ্বায়ক বাহাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাস ও চতুর্থ যুগ্মআহ্বায়ক আব্দুল করিম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি প্রচারের পর অনেকেই নবাগত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি/১২ ফাল্গুন) দুপুরে শাল্লা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো সম্মিলিতভাবে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে।
মিছিলটি উপজেলা সদরের সব গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোডে যুবদল কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় পথসভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেন এবং সমৃদ্ধ দেশ বিনির্মাণে জাতীয়তাবাদী শক্তির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
পথসভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।