শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তা বলেছেন, শাল্লা উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য প্রতি বছর কোটি-কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়; কিন্তু উন্নয়নচিত্র দেখে অবাক হতে হচ্ছে। এখানে উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদেরে এখন থেকে চিহ্নিত করে রাখতে হবে।
তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী সুনামগঞ্জ ও গোপালগঞ্জকে এক মনে করেন। সুনামগঞ্জে আছে হাওর আর গোপালগঞ্জে রয়েছে বাওর। শেখ হাসিনার বাংলাদেশে কোন সাম্প্রদায়িকতা চলবেনা। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা যখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তখন কে হিন্দু, কে মুসলিম আর কে খ্রিস্টন সেই পরিচয় ছিলনা।
সকল দুঃখ-দুর্দশার কথা এখন থেকে তাকে জানানোর জন্যে তিনি উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় উপজেলার শাসখাই ফুটবল মাঠে হবিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে ড জয়া সেনগুপ্তা প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
সংসদ সদস্য আরও জানান, দিরাই-শাল্লা সড়কের কাজও চলমান রয়েছে। সমাপ্ত হয়ে গেলে এই এলাকার জনসাধারণকে আর দুর্ভোগ পোহাতে হবেনা।
তিনি উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামীতেও ‘নৌকা’য় ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে এবং শাল্লা উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক অরিন্দম চৌধুরী সাগর ও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক রণজিৎ কুমার দাসের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, শাল্লা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, বীর মুক্তিযোদ্ধা রাধাকান্ত দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক রান্টু লাল দাশ, অন্যতম নেতা আবুবক্কর মিয়া, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি কাজল কান্তি চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি তকবীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মিহির কান্তি রায়, সাংবাদিক পি সি দাস পিযুষ, ছাত্রলীগের কেন্দ্রীয় উপ আন্তর্জাতিক সম্পাদক মিহির রঞ্জন দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মিঠু চন্দ ও হবিবপুর ইউনিয়ন পরিষদ মেম্বার বিশ্বরূপ দাশ।