হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চলতি বোরো মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে।
শুক্রবার, ১৫ ডিসেম্বর উপজেলার হবিবপুর ইউনিয়নের উগদল বিল হাওরে ৩৩ নম্বর পিআইসির কাজের মধ্যে দিয়ে বাঁধের কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অমিতা রাণী দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মো মন্ জুর আহসান জিসান, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা) রিপন আলী, হাওর বাঁচাও আন্দোলন শাল্লা শাখার সভাপতি, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি দাস, সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজের শাল্লা উপজেলা প্রতিনিধি জয়ন্ত সেন, উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপসহকারী প্রকৌশলী মো নূরুজ্জামান, কৃষক প্রতিনিধি রঞ্জিত কুমার দাস, মৎস্যজীবী প্রতিনিধি হাবুল মিয়া, হবিবপুর ইউনিয়ন পরিষদ মেম্বার টিপু সুলতান, ৩৩ নম্বর পিআইসির সভাপতি সুরঞ্জিত সামন্ত ও সদস্য সচিব বীরেন্দ্র চন্দ্র দাস সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, এবার শাল্লা উপজেলায় কালিকোটা হাওর, ছায়ার হাওর, বরাম হাওর, উগদল বিল হাওর, বেড়াডহর হাওর ও ভাণ্ডা বিল হাওর-এই ৬টি হাওরে মোট ১৩০টি পিআইসির মাধ্যমে ৮৪ দশমিক ২৮৩ কিলোমিটার বাঁধ নির্মাণে প্রায় ২৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা) রিপন আলী বলেন, ফসল রক্ষা বাঁধের এই কাজের জন্যে প্রাথমিক পর্যায়ে ১৩০টি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। প্রকল্পসমূহের কাজ ইনশাল্লাহ আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সমাপ্ত হবে।