শাল্লায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিরপেক্ষ থাকার নির্দেশ ইউএনওর

প্রকাশিত October 10, 2026
শাল্লায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিরপেক্ষ থাকার নির্দেশ ইউএনওর

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর/২৫ আশ্বিন) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ও সাংবাদিক বকুল আহমেদ তালুকদার।
এ সময় ইউএনও পিয়াস চন্দ্র দাস বলেন, ফ্যামিলি কার্ডের প্রকৃত সুবিধাভোগী নির্বাচনে স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। পরিবার প্রতি একজন এই সুবিধা পাবেন। কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করে সম্পূর্ণ নিরপেক্ষ ও নির্ভুলভাবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করতে হবে।
প্রশিক্ষণে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঠপর্যায়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিভিন্ন কৌশল শেখানো হচ্ছে।