শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দোকানের জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও পুলিশ কর্মকর্তাসহ ৯ জন আহত হয়েছেন।
মঙ্গলবার, ২৭ জুন দুপুরে উপজেলার শাল্লা ইউনিয়নের কার্তিকপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে হাবিবুর রহমান (৫২) ও হেলাল মিয়া (২২) প্রাণ হারান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড গুলি বর্ষণ করে।
শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া ও ১ নম্বর ওয়ার্ড মেম্বার আমির হামজা জানান, কার্তিকপুর গ্রামের মুজিবুর রহমান ও ইছব আলীর মধ্যে সাতপাড়া বাজারে দোকানের জায়গা নিয়ে বিরোধ চলছিল। ইছব আলীর লোকজন সেই জায়গায় ঘর বানাতে গেলে মুজিবুর রহমানের লোকজন বাধা দেয়। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে মুজিবুর রহমান পক্ষের গুরুতর আহত শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হাবিবুর রহমানকে পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে ইছব আলী পক্ষের কদ্দুছ মিয়ার ছেলে হেলাল মিয়া নিহত হন।
খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাজন কুমার দাস শাল্লায় আসেন।
তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহত পুলিশ কর্মকর্তা আলীমকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।