শাল্লা প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাল্লা উপজেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা করেছে।
এতে দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন থেকে ১৬টি নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে, কোনো মন্দিরে অশ্লীল ও হিন্দি গান হবেনা। প্রতিটি পূজামণ্ডপ বা মন্দিরে রাতে ভিডিও ধারণ ক্ষমতাসম্পন্ন পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন ও ক্যামেরার ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।
শনিবার, ১৪ অক্টোবর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন)। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাশ।
প্রস্তুতি সভায় বক্তাদের আলোচনায় উঠে আছে, দুর্গাপূজা উপলক্ষে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য প্রতিবছরই কিছু কুচক্রী মহল ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্রে মেতে ওঠে। তাদেরকে চিহ্নিত করে শক্ত হাতে দমন করা হবে।
দুর্গাপূজা উপলক্ষে উপজেলা ও থানা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে প্রস্তুতি সভায় জানানো হয়। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়, এবারের দুর্গাপূজায় একটি নিয়ন্ত্রক কক্ষ স্থাপন করা হবে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে দায়িত্ব পালন করবেন।
প্রস্তুতি সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিন, থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও মো আব্দুস সাত্তার, ইউপি মেম্বার সত্যব্রত সরকার দ্বিজেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা সজীব হাওলাদার ও জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো রাশেদুল ইসলাম রাশেদসহ উপজেলার ৩২টি পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।