শাল্লায় গঠিত হয়নি পূর্ণাঙ্গ পিআইসি || যথাসময়ে ফসলরক্ষা বাঁধ মেরামতে অনিশ্চয়তা

প্রকাশিত December 27, 2022
শাল্লায় গঠিত হয়নি পূর্ণাঙ্গ পিআইসি || যথাসময়ে ফসলরক্ষা বাঁধ মেরামতে অনিশ্চয়তা

হাবিবুর রহমান, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এখনও ফসলরক্ষা বাঁধ মেরামতের জন্য পূর্ণাঙ্গ পিআইসি গঠন না হওয়ায় হাওর এলাকাবাসী উদ্বেগ-উৎকণ্ঠা নিয়েই বোরা চাষে ব্যস্ত হয়ে পড়েছেন।
কৃষকদের অভিযোগ, ১৫ ডিসেম্বর ৯টি পিআইসির কাজ উদ্বোধন ছিল স্রেফ লোক দেখানো। সেদিন কয়েক টুকরি মাটি ফেলা ছাড়া আর কিছুই হচ্ছেনা।
হাওর এলাকায় ফসল রক্ষা বাঁধের মেরামত কাজ বিলম্বে শুরু করা হয় বলে প্রতি বছরই অভিযোগ উঠে। তখন তাড়াহুড়া করতে গিয়ে দায়সারাভাবে কাজ সম্পন্ন করা হয়। ফলে সামান্য পানির চাপেই বাঁধ ভেঙে যায়। এ কারণে একমাত্র বোরো ফসল চরম ঝুঁকির মধ্যে থাকে।
অন্যদিকে উপজেলার কৃষকেরা ঘরে বসে নেই। হাওরে পানি শুকিয়ে যাওয়ায় এ বছর ১৫দিন আগেই বোরোজমিতে চারা রোপণের কাজ শুরু করে দিয়েছেন।
সোমবার সরেজমিনে দেখা যায়, সূর্য উঠার আগেই প্রচণ্ড ঠাণ্ডা, কুয়াশা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে কৃষকরা জমিতে চারা রোপণ করছেন। ইতোমধ্যে নিচু জমিতে রোপণ প্রায় শেষ হয়ে গেছে; কিন্তু পূর্ণাঙ্গ পিআইসি গঠন ও বাঁধের কাজ শুরু না হওয়ায় কৃষকরা আতঙ্কে রয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ২০২২-২০২৩ অর্থ বছরে এখানে বাঁধ নির্মাণ ও মেরামতের কাজ হবে ১৬০ কিলোমিটার। উপজেলার ১১৯টি গ্রামের জমি রয়েছে ৬টি হাওরে। হাওরগুলো হলো ছায়ার হাওর, কালিকোটা হাওর, উদগল হাওর, ভান্ডাবিল হাওর, বরাম হাওর ও কুশিয়ারা ডানতীর। এসব হাওরে বোরো আবাদ করা হয় ২১ হাজার ৬৯৪ হেক্টর জমিতে। এই বোরো ফসলের উপরই জীবিকানির্বাহ করেন উপজেলার ২৪ হাজার ৬১৫ জন কৃষক। উপজেলা কৃষি অধিদপ্তরের এই তথ্য ২০১৪ সালের। ইতোমেধ্যে এ সংখ্যা অনেক বেড়েছে বলে ধারণা করা হয়।
এ বিষয়ে হাওর বাঁচাও আন্দোলন শাল্লা উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস জানান, বোরোজমিতে রোপণের কাজ শেষের পথে; কিন্তু পূর্ণাঙ্গ পিআইসি গঠন ঝুলে রয়েছে। কবে গঠন করা হবে বা কাজ কবে শুরু হবে সে ব্যাপারে কোন নিশ্চয়তা মিলছেনা।
তিনি উল্লেখ করেন, গত বছর ছায়ার হাওর উপপ্রকল্পের আওতায় (মাইতির) ৮১ নম্বর পিআইসির বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে ফসল তলিয়ে গিয়েছিল। এতে কৃষকের ধান ও খড়ের ব্যাপক ক্ষতি হয়। এখন এই বাঁধটি বড় ক্লোজার; কিন্তু এখনও তাতে কাজই শুরু হয়নি। এধরনের আরও ক্লোজারের কাজ শুরু না হওয়ায় হাওরগুলো ঝুঁকিতে রয়েছে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড-পাউবোর উপজেলা কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, উপজেলায় পিআইসি গঠন হয়েছে ১১টি। কয়েকটি প্রকল্পের কাজও চলমান আছে। বাকি পিআইসিগুলো দ্রুতই গঠন করা হবে।
এ বিষয়ে কাবিটা স্কিম প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব বলেন, ইতোমধ্যে বেশকিছু পিআইসি গঠন করা হয়েছে এবং কাজও চলমান রয়েছে।
বাকি পিআইসিগুলো সপ্তাহখানেকের মধ্যেই গঠন করা হবে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলায় ৮৭ কিলোমিটার ভাঙা বন্ধকরণ ও মেরামত কাজে বরাদ্দ ছিল ২৪ কোটি টাকা। প্রকল্প ছিল ১৩৮টি। তবে চলতি ২০২২-২০২৩ অর্থ বছরের বরাদ্দ ও প্রকল্পের সংখ্যা এখনও জানা যায়নি।
সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭ অনুযায়ী প্রতিবছর ১৫ ডিসেম্বর থেকে বাঁধের কাজ শুরু ও ২৮ফেব্রুয়ারি মধ্যে শেষ করার কথা রয়েছে।