শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকার লোকজন জানায়, রবিবার, ২২ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় দিকে উপজেলা সদর ঘুঙ্গিয়ারগাঁওয়ে মহিতোষ দাশের বাসার ভাড়াটিয়া বিকাশ সূত্রধরের কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া ডা কুমুদ রঞ্জন মজুমদারের বাসায়। এতে আগুন ভয়াবহ রূপ নেয়।
সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী থানা মসজিদের ইমাম মাইকে অগ্নিকাণ্ডের ঘোষণা দিলে এলাকা ও আশেপাশের লোকজন, উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিত প্রচেষ্টায় ঘণ্টাখানেক সময়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার মতো হবে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব ঘটনাস্থলে ছুটে যান।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, থানায় সংরক্ষিত অগ্নিনির্বাপণ যন্ত্র দ্বারা সবার সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।