হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের পুলিশ সুপার-এসপি মোহাম্মদ এহসান শাহ জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় সেজন্যে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সর্তক অবস্থায় আছে।
সোমবার, ২৩ অক্টোবর শাল্লা উপজেলা সদরে ঘুঙ্গিয়ারগাঁও কালীমন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অনেক আগে থেকেই সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে ও পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, এ বছর প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
বাংলাদেশ পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সুনামগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার সবাইকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব, সার্কেল এসপি শহীদুল হক মুন্সী, শাল্লা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক তরুণ কান্তি দাস, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, কালীমন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, সাধারণ সম্পাদক অনাদি তালুকদার ও শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম৷