বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বর ও তার সঙ্গী নিহত হয়েছেন।
তারা হলেন, বর উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের মো ছাবেদ আলীর ছেলে শাহ আলম ওরফে সামায়ন ও সঙ্গী তার চাচাতো ভাই মো বেনু মিয়ার ছেলে মো তানভীর সোহেব।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নূরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনায় মো তানভীর সোহেব ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন শাহ আলম ওরফে সামায়ন। পরে রাত ১০টার দিকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আগামী শুক্রবার শাহ আলম ওরফে সামায়নের বিয়ের দিন নির্ধারিত ছিল বলে তার স্বজনরা জানিয়েছেন।