সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় গরু চুরির অভিযোগে আটক ব্যক্তি পুলিশের মারধরে মারা গেছেন বলে অভিযোগ করে তার স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন।
মারা যাওয়া ব্যক্তির নাম উজির মিয়া (৪৩)। রবিবার রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উজির মিয়ার স্বজনরা জানান, আনুমানিক দু’সপ্তাহ আগে উপজেলার দরগাপাশা গ্রাম থেকে একটি গরু চুরি হয়। এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি রাতে উজির মিয়াকে শান্তিগঞ্জ থানার এসআই দেবাশীষ, এসআই প্লাটুন কুমার সিংহ ও আক্তারুজ্জামান সন্দেহভাজন হিসেবে শত্রুমর্দন গ্রামে তার বাড়ি থেকে তাকে আটক করেন।
স্বজনদের আরও অভিযোগ, পুলিশ থানায় উজির মিয়াকে মারধর করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরদিন তাকে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। এরপর তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পর তার অবস্থার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত সিলেট পাঠানো হয়।
উজির মিয়ার ছোট ভাই গোলাম সারায়োর মাসুমের অভিযোগ, পুলিশ তার নির্দোষ ভাইকে আটক করে থানায় নিয়ে পিটিয়ে আহত করার কারণেই তিনি মারা গেছেন। অসুস্থ হওয়ার পর তিনি একটা রাতও ঘুমাতে পারেনি। কেবল যন্ত্রণায় চিৎকার করেছেন।
এ ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলাবাজার এলাকায় মানববন্ধন করেন উজির মিয়ার স্বজন ও এলাকাবাসী। দুপুরের দিকে করা হয় সড়ক অবরোধ। ফলে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় সেখানে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি দেখামাত্র উপস্থিত লোকজন বিক্ষোভ প্রদর্শন করেন। তাই চালক দ্রুত স্থান ত্যাগ করতে গিয়ে মরদেহের উপর দিয়ে গাড়ি তুলে দেয় বলে অভিযোগ করে জনতা আরও ক্ষেপে যায়। তবে ইউএনও আনোয়ার উজ জামান মরদেহের উপর তার গাড়ি উঠে যাওয়ার কথা সত্য নয় বল জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো আবু সাঈদ জানিয়েছেন, ময়নাতদন্তে বুঝা যাবে, কিভাবে মৃত্যু হয়েছে। তবে কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ারুল হালিম বলেন, কোন বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ কখনও ইচ্ছা করে মরদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে পারে না।
তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি আশ্বাস দেন।
বিকেল সোয়া ৫টার দিকে প্রায় সাড়ে ৩ ঘণ্টার অবরোধ প্রত্যাহার করা হলে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়।