বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন গ্রামে ঘোড়ার লাথির জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৬ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, থলেরবন গ্রামে আশিক মিয়ার বাড়ির সামনে একই গ্রামের শের আলীর একটি ঘোড়া বাঁধা ছিল। এক পর্যায়ে ঘোড়ার লাথিতে আশিক মিয়ার ছেলে ফরিদ মিয়া আঘাতপ্রাপ্ত হয়। এর জের ধরে আশিক মিয়ার ভাই সাহার মিয়া এখানে ঘোড়া রাখার ব্যাপারে শের আলীকে প্রশ্ন করায় শের আলীর লোকজন তাকে মারধর করে।
এ ঘটনার সূত্র ধরে সোমবার, ১ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১২টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একপক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় উভয়পক্ষে অন্ততঃ ১৭ জন আহত হন।
এর মধ্যে আশিক আলী পক্ষের মৃত রহিম আলীর ছেলে নূর মোহাম্মদ (২২) ও শের আলীর পক্ষের মৃত নৈমুল্লাহর ছেলে আব্দুল আওয়াল (৫৫) গুরুতর আহত হন। আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার নূর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন; কিন্তু পথেই নূর মোহাম্মদ মারা যান। আব্দুল আওয়াল মারা যান সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। আহত অন্যরা চিকিৎসাধীন আছেন।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আশিক আলী পক্ষের ২ জন ও শেরআলী পক্ষের ৪ জনকে আটক করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজি মোক্তাদির হোসেন জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে।