শান্তিগঞ্জে অপহরণের একমাস পর শিকলবন্দি অবস্থায় শিশু উদ্ধার || গ্রেফতার ৬ অপহরণকারী

প্রকাশিত September 25, 2023
শান্তিগঞ্জে অপহরণের একমাস পর শিকলবন্দি অবস্থায় শিশু উদ্ধার || গ্রেফতার ৬ অপহরণকারী

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা থেকে অপহরণের একমাস পর অপহৃত এক শিশুকে ছাতক উপজেলা থেকে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তার নাম মো ফাইজুর রহমান ফারকুল। বয়স ১৩ বছর। সে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আসামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে ।
পুলিশ ও মামলার অভিযোগ থেকে জানা যায়, ফাইজুর রহমান ফারকুলগত ২৫ আগস্ট দুপুরে একই গ্রামের বিল্লাল আহমেদের বাড়ির সামনে ডাউকা নদীর পারে গেলে কয়েক ব্যক্তি তাকে অপহরণ করে নৌকায় তুলে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও শিশুটিকে না পেয়ে ২৭ আগস্ট শান্তিগঞ্জ থানায় জিডি করা হয়। পরে ১২ সেপ্টেম্বর তার পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে তদন্ত চালাতে থাকেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে অপহরণকারীরা অপহৃত শিশুটিকে নির্যাতনের ভিডিও ধারণ করে তার পরিবারের ইমু নম্বরে পাঠাতে থাকে এবং ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কাজল চন্দ্র দেব ঊধ্বর্তন কর্মকর্তাদের দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত শুরু করেন। মুক্তিপণের টাকা দেওয়ার লোভ দেখিয়ে যোগাযোগ শুরু করেন অপহরণকারীদের সঙ্গে। অপহরণকারীদের কথা মতো পুলিশ ছাতক উপজেলা এলাকায় ধান ক্ষেতে মুক্তিপণের টাকাও রেখে আসে।
রবিবার, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় অপহরণকারীদের দলনেতা আব্দুল্লাহ আল আমিন টাকা নিতে গেলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে এসআই কাজল চন্দ্র দেবের নেতৃত্বে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের অপর ৫ সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিশু ফাইজুর রহমান ফারকুলকে সোমবার ভোরে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হরিস্মরণপুর গ্রামে অপহরণকারীদের একজন আব্দুল্লাহ আল আমিন ওরফে জুনেদের বাড়ির ধানের গোলা থেকে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অপহরণকারীরা হলো ছাতক উপজেলার হরিস্মরণপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুল্লাহ আল আমিন ওরফে জুনেদ, আব্দুল কাদিরের ছেলে জিয়াউর রহমান, মৃত মদরিছ আলীর ছেলে আব্দুস সালাম, আব্দুস সালামের মেয়ে খাদিজা বেগম, জগন্নাথপুর উপজেলার কামারখাল গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী বেগম ও মুল পরিকল্পনাকারী মৃত তৈয়ব আলীর ছেলে বিল্লাল মিয়া।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো খালেদ চৌধুরী জানান, ‘ঘটনাটি খুবই স্পর্শকাতর ঘটনা। তবে অপহরণকারী চক্রকে আটক করতে সক্ষম হয়েছি। আসামিদেরকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’