বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কল ইউনিয়নের হাসনাবাজ গ্রামে মসজিদে দান হিসেবে পাওয়া একটি কাঁঠালের নিলামে দাম হাকাঁনো নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪০ জন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে।
নিহতরা হলেন হাসনাবাজ গ্রামের মো বাবুল মিয়া (৫৮) নূরুল ইসলাম (৪২) ও মো শাহজাহান (৩৬)। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে আহতদের মধ্যে আরও দু-তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে সুনামগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার ১০ জুলাই সকাল ১১টার দিকে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আরও জানা গেছে, হাসনাবাজ গ্রামের মসজিদে এক ব্যক্তি একটি কাঁঠাল দান করেন। মসজিদে গ্রামবাসীর উপস্থিতিতে কাঁঠালটি নিলামে তোলা হয়; কিন্তু দাম হাঁকানোকালে গ্রামের দ্বীন ইসলাম পক্ষের লোকজন দামের অংক শোনা যাচ্ছেনা বলে আওয়াজ তুললে একই গ্রামের সুনু মিয়া ও জুনাব আলী পক্ষের লোকজন তাদের না শোনা সম্পর্কে কটাক্ষ করেন। এর জের ধরে দুই পক্ষ প্রথমে কথা কাটাকটিতে লিপ্ত হয়। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দ্বীন ইসলামের পক্ষের বাবুল মিয়া ও নূরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। সুনু মিয়া ও জুনাব আলী পক্ষের গুরুতর আহত মো শাহজাহান মারা যান তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে।
এ ব্যাপারে জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আব্দুল বাছিত সুজন জানান, উভয় পক্ষের মধ্যে বিরোধ আঁচ করতে পেরে তিনি রবিবার রাতে ও সোমবার ভোরে হাসনাবাজ গ্রামে গিয়ে উভয়পক্ষের লোকজনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। তাকে আশ্বস্ত করা হয়েছিল, কোন সমস্যা হবেনা।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো খালেদ চৌধুরী সংঘর্ষের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।