লেখাপড়া শেষে চাকরির গতানুগতিক ধারণা থেকে বের হতে হবে : উপাচার্য ড জহিরুল হক

প্রকাশিত October 17, 2023
লেখাপড়া শেষে চাকরির গতানুগতিক ধারণা থেকে বের হতে হবে : উপাচার্য ড জহিরুল হক

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক বলেছেন, স্টার্ট আপ হবে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। লেখাপড়া শেষ করে চাকরি করতে হবে-এরকম গতানুগতিক ধারণা থেকে শিক্ষার্থীদের বের হয়ে আসতে হবে।
তিনি আরও বলেছেন, বাংলাদেশের তরুণরা কেবল শারীরিকভাবে সক্ষম নয়-তাদের উদ্ভাবনী ও মেধা শক্তি অন্য যেকোনো দেশের তুলনায় বেশি। সঠিক ও যুগোপযোগী শিক্ষা গ্রহণ করলে কোনো শিক্ষার্থী বেকার থাকতে পারেনা। মেট্রোপলিটন ইউনিভার্সিটি তার শিক্ষার্থীদের বেকার হিসেবে দেখতে চায়না।
উপাচার্য জানান, তারা শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী ও মেধাশক্তির বিকাশ ঘটিয়ে তাদেরকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চান। ক্লার্ক বা তথাকথিত চাকুরে বা কর্মকর্তা না হয়ে তারা নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নিজের ভাগ্যোন্নয়ের সঙ্গে সঙ্গে পরিবারের মুখে হাসি ফুটাবে ও দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে।
তিনি বলেন, ‘স্টার্ট আপ বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। এ উদ্যোগের উপর ভিত্তি করেই আমরা উন্নত দেশের কাতারে পৌঁছবো। স্থানীয় অর্থনীতির বিকাশও ঘটবে স্টার্ট আপের মাধ্যমে। আমরা সে সুযোগটি কাজে লাগাতে চাই। দেশের ৪৬টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ প্রকল্পের আওতায় মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে নির্বাচন করা হয়েছে। আমরা আশাবাদী মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ প্রকল্পের আওতায় কয়েক কোটি টাকার স্টার্ট আপ ব্যবসা শুরু করবে। এজন্য সরকারের সহায়তা চাই।’
সোমবার, ১৬ অক্টোবর সকাল ১০টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক এম হাবিবুর রহমান হলে ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি-আইডিয়া প্রকল্পের আওতায় সরকারের আইসিটি বিভাগ আয়োজিত স্টার্ট আপ কম্পাস-বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেশন প্রোগ্রামের অধীনে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য ড মোহাম্মদ জহিরুল হক প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ সচিব) ড মো মিজানুর রহমানের সভাপতিত্বে ও সরকারের জ্যেষ্ঠ আইসিটি কনসালটেন্ট ইউএনডিপির প্রাক্তন কর্মকর্তা সিদ্ধার্থ গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান, হাল্ট প্রাইজের উপদেষ্টা মো ইমরান উদ্দিন, সহযোগী অধ্যাপক মো মাসুদ রানা, বেপ্রো কনসালটেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমন সাহা, টেক্সনেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল হক প্রমুখ।
উল্লেখ্য, ৭ বিভাগের বিভিন্ন ব্যাচের নির্বাচিত ১২০ শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
সারাদেশের ৮টি বিভাগের ৪৬টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি