লুঙ্গিপড়া মানুষও যেন সরকারি দপ্তরকে নিজের ভাবতে পারে : জেলা প্রশাসক

প্রকাশিত July 24, 2022
লুঙ্গিপড়া মানুষও যেন সরকারি দপ্তরকে নিজের ভাবতে পারে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, প্রতিটি সরকারি দপ্তর এমন হবে, যাতে লুঙ্গিপড়া সাধারণ মানুষও সেটাকে নিজের বলে ভাবতে পারে। প্রত্যেক কর্মকর্তার মনমানসিকতা এমন হবে, যেন জনগণের সন্তান ও সেবক বলে গর্ববোধ হয়। সকলকে মনে রাখতে হবে, এদেশের প্রতিটি সরকারি দপ্তর বাংলাদেশের-বাঙালির। পাকিস্তানি চিন্তাধারা মাথায় নিয়ে প্রশাসন পরিচালনার সুযোগ নেই।
তিনি আরও বলেছেন, বাংলাদেশের প্রশাসন কেমন হবে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধ্যান-ধারণা কেমন হবে এবং সবাই কিভাবে জনগণের সেবা দেবেন, সাধারণ মানুষের প্রতি আচরণ কেমন হবে তা বঙ্গবন্ধুই নির্ধারণ করে দিয়ে গেছেন।
জেলা প্রশাসক স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রশাসন, প্রশাসনিক ব্যবস্থাপনা ও প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্যে বঙ্গবন্ধুর রেখে যাওয়া নির্দেশনাগুলো অন্তরে লালন ও বাস্তবে প্রয়োগ করণে সত্যিকারই অর্থেই জনবান্ধব প্রশাসন গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো আনোয়ার সাদাত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সিভিল সার্জন কার্যালয়ের আহমেদ শাহরিয়ার। সঞ্চালনায় ছিলেন, সহাকরী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মান। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ বলেন, প্রশাসনকে জনগণের সঙ্গে মিশে যেতে হবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত বলেন, প্রতিটি সরকারি দপ্তরে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার পথচলাতে আরও গতিশীল করতে হবে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাস বলেন, ব্রিটিশ আমলে একদিকে বলা হতো সরকারি কর্মকর্তা-কর্মচারীরার জনগণের সেবক অন্যদিকে মুনিবের আসনে বসিয়ে রাখতো। এর ধারাবাহিকতা বহাল ছিল পাকিস্তান আমলেও; কিন্তু স্বাধীন বাংলাদেশে এখন একজন অতি সাধারণ মানুষও সহজে জেলা প্রশাসকের কক্ষে ঢুকে সরাসরি কথা বলতে পারেন।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক বলেন, সরকারি দপ্তরগুলো আগের চেয়ে জনগণকে অনেকবেশি সেবা দিচ্ছে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ বলেন, প্রশাসন ও জনগণ অনেক কাছাকাছি এলেও মাঝে মধ্যে প্রশাসনের কারও কারও আচরণ মানুষকে খুব দুঃখ দেয়।
সিভিল সার্জন কার্যালয়ের আহমেদ শাহরিয়ার বলেন, সরকারি প্রশাসন যে জনগণের সেই উপলব্ধিটা মানুষের মধ্যে তৈরি হয়েছে।