এসএম সুরুজ আলী, হবিগঞ্জ : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন হাওরে এ পর্যন্ত প্রায় ৫০০ হেক্টর জমির আধাপাকা ধান তলিয়ে গেছে। আরও কয়েকশ হেক্টর জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা কৃষকদের। তাই আধাপাকা ধানই কেটে ফেলতে হচ্ছে: কিন্তু এ কাজেও শ্রমিক পাওয়া যাচ্ছে না।
কৃষকরা জানান, তিন দিন আগ হঠাৎ করে উজান থেকে পানি নামতে শুরু করে। ঢুকতে থাকে হাওরগুলোতে। ইতোমধ্যে লাখাই উপজেলার স্বজন হাওরে ৫০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। পানি বাড়ছে ক্রমেই। তাই তলিয়ে যাওয়ায় আশংকা কৃষকরা জমির আধাপাকা ধানই তড়িঘড়ি করে কেটে নিতে চেষ্টা করছেন।
স্বজন গ্রামের কৃষক বিধিকান্ত রায় জানান, এলাকায় তেমন কোনো বৃষ্টি হয়নি। উজান থেকে আসা পানিই হাওরে ঢুকে পড়ে। তবে এখনও কিছু জমির ধান পানির উপরে আছে; কিন্তু শ্রমিক সংকট থাকায় দ্বিগুণ পারিশ্রমিকে শ্রমিক জোগাড় করে আধাপাকা ধানই কেটে আনা ছাড়া উপায় থাকছেনা।
একই গ্রামের কৃষক জমির আলী জানান, আর কয়েকটা দিন হাতে পেলেই ফসল গোলায় তোলা যেতো।
সূর্যকান্ত দাশ বলেন, কোথাও কোথাও কোমর সমান পানি। তাই পানির নিচ থেকে ধান কাটা সম্ভব হচ্ছে না।
লাখাই উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য জানান, উপজেলার শিবপুর, স্বজনগ্রাম ও বেজুরাসহ বিভিন্ন এলাকায় শতাধিক হেক্টর জমির ধান সম্পূর্ণরূপে নিমজ্জিত। অবশিষ্ট ফসল রক্ষায় এলাকায় মাইকিং করে দ্রুত ধান কাটার জন্য কৃষকদেরকে আহবান জানানো হয়েছে।