লাখাইয়ে হাওরে প্রাথমিক শিক্ষিকার মরদেহ || পাশে পাওয়া গেছে বিষের বোতল

প্রকাশিত May 13, 2024
লাখাইয়ে হাওরে প্রাথমিক শিক্ষিকার মরদেহ || পাশে পাওয়া গেছে বিষের বোতল

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের লাখাই উপজেলার একটি হাওর থেকে এক প্রাথমিক শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার, ১২ মে বিকেলে পুলিশ রিবন রূপা দাশ (৪০) নামের এই শিক্ষিকার মরদেহটি উদ্ধার করে। তিনি ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তার স্বামী অজয় চন্দ্র দাশ লাখাই মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষক।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আবুল খায়ের জানান, ভবানীপুরের হাওরে ঝনঝনিয়া সেতুর নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় তা ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পাশে ভ্যানেটি ব্যাগ, মোবাইল ফোন, চেক বইয়ের পাতা ও এটিএম কার্ড পাওেয়া গেছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে দুটি বিষের বোতল। একটি ব্যবহৃত-অপরটি অব্যবহৃত। রিবন রূপা দাশের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলেই জানা যাবে।