বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-র্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) ব্যারিস্টার মো হারুন অর রশিদ বলেছেন, র্যাব সংকটময় মূহূর্তে সকল পরিস্থিতিতে দেশের জন্য-দেশের মানুষের জন্য কাজ করে।
তিনি আরও বলেছেন, হলি আর্টিজেনের ঘটনার মতো সন্ত্রাসী কর্মকাণ্ডকে র্যাব কঠোর হাতে দমন করতে সক্ষম হয়।
দেশে এখন কোনও ধরনের জঙ্গি তৎপরতা নেই বলে তিনি নিশ্চিত করেন।
র্যাব প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাওয়ায় বিশ্বে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে।
সোমবার, ৮ জুলাই (২৪ আষাঢ়) দুপুরে র্যাব -৯ সুনামগঞ্জের উদ্যোগে সদর উপজেলার সুরমা ইউনিয়নের পূর্ব সদরগড় মাঠে ৫ শতাধিক বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মো হারুন অর রশিদ কথা বলছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, র্যাব-৯ অধিনায়ক উইং কমান্ডার মমিনুল হক, পুলিশের অতিরিক্ত ডিআইজি মো এহসান শাহ, র্যাব-৯ সুনামগঞ্জ অঞ্চলের কমান্ডার মেজর এ কে এম ফয়সল আহমদ ও কমান্ডার (লিগ্যাল) আরাফাত ইসলাম।