রোবটিক্স বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ দিবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি || জানালেন উপাচার্য

প্রকাশিত September 12, 2023
রোবটিক্স বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ দিবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি || জানালেন উপাচার্য

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বিশ্বে শিল্পায়ন হয়েছে প্রকৌশল বিদ্যার হাত ধরে। আর শিল্পায়নের প্রত্যক্ষ ও পরোক্ষ ফলাফল হলো উন্নয়ন। শিল্পায়ন ও উন্নয়ন একইসূত্রে গাঁথা। তাই শিল্পায়ন ও উন্নয়নে প্রকৌশল বিদ্যার অবদান অপরিসীম।
তিনি আরও বলেছেন, ‘প্রকৌশল বিদ্যার আত্মা হলো ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং। শিল্পোন্নত ও উন্নত দেশের কাতারে ধাবিত বাংলাদেশে এটা সম্ভাবনাময় একটি পেশা। এ বিষয়টি সামনে রেখে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং-ইইই বিভাগ কাজ করে যাচ্ছে। এই বিভাগ থেকে ডিগ্রি নিয়ে অনেকে বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ, টেক্সটাইল, টেলিকম, কম্পিউটার হার্ডওয়ার, অটোমোবাইল ও রোবটিক্স খাতের উচ্চ পদে চাকরি করছেন। অনেকেই বিদেশে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলেছেন। অন্যদিকে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা বৈদ্যুতিক শক্তি ব্যবহারের উন্নত পদ্ধতি আবিষ্কার ও ডিজাইন নিয়ে গবেষণা করছেন। আমরা শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী শক্তি জাগিয়ে তুলতে চাই। উদ্ভাবনী শক্তির হাত ধরেই মানবসভ্যতার বিকাশ ঘটেছে।’
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় এমইউ সম্মেলন কক্ষে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এমইউ রোবটিক্স ক্লাব আয়োজিত ‘ইন্ট্রোডাক্টরি রোবটিক্স কোর্স’ সমাপনী সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
তিনি বলেন, ‘রোবট দৈনন্দিন জীবনের অনুষঙ্গ হয়ে উঠছে। তাই সিলেটের স্কুল-কলেজের শিক্ষার্থীদের রোবটিক্স বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ দিতে আমাদের ইইই বিভাগ কাজ করবে। আমরা চাই স্কুল-কলেজ পর্যায় থেকেই শিক্ষার্থীদের মাঝে প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষার স্বপ্ন জাগাতে। তাহলেই শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো।’
এমইউ রোবটিক্স ক্লাবের প্রেসিডেন্ট ও ইইই বিভাগের প্রভাষক মো আনোয়ারুল কাওসারের সভাপতিত্বে ও প্রভাষক অর্পিতা মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ড মো নজরুল হক চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার তারেক ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড এ জেড এম আশরাফ, ইইই বিভাগের প্রধান কাজী ওহিদুজ্জামান, প্রভাষক মো হাছানুর রহমান সোহাগ, সাদমান সাকিব, মাহিম আহমেদ, মো ফারদিন আহসান মারাজ, ইইই বিভাগের এলামনাই শান্তি বাবু প্রসাদ রায় প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি