‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ প্রবর্তনের পরিকল্পনা রয়েছে সরকারের : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত April 27, 2024
‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ প্রবর্তনের পরিকল্পনা রয়েছে সরকারের : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ায় বিশেষ ভূমিকা রাখতে ব্রিটিশ-বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, বৈধপথে দেশে প্রবাসীদের প্রেরিত অর্থ সুরক্ষিত থাকবে। এই অর্থ থেকে সরকারি প্রণোদনাসহ সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে অন্যান্য দেশের তুলনায় বেশি মুনাফা অর্জনের সুযোগ রয়েছে।
শুক্রবার, ২৬ এপ্রিল লন্ডনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত রেমিট্যান্স মেলায় প্রতিমিন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
তিনি জানান, যারা বৈধপথে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠাবেন তাদের জন্য ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ প্রবর্তনের পরিকল্পনা সরকারের রয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭৪ সালে যুক্তরাজ্যে সোনালী ব্যাংক কার্যক্রম চালু করে। তখন যুক্তরাজ্য থেকে বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর সূচনা হয়।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি অনুসরণ করে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেমিট্যান্স প্রেরণের জন্য ২.৫% প্রণোদনা ও সিআইপি মর্যাদাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদানের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে রেমিট্যান্স প্রেরণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের জন্য বিশেষ প্রণোদনাসহ উৎসাহব্যঞ্জক পদক্ষেপ গ্রহণের প্রস্তাব উত্থাপন করলে প্রতিমন্ত্রী বিবেচনার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
এর আগে প্রতিমন্ত্রী ব্রিটিশ-বাংলাদেশী সাংবাদিকদের সঙ্গে প্রাবসীদের স্বার্থ ও কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তথ্য বিবরণী