রুগ্নশিল্প ও নন-টেক্সটাইল কারখানা বাঁচাতে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা

প্রকাশিত January 2, 2022
রুগ্নশিল্প ও নন-টেক্সটাইল কারখানা বাঁচাতে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটি অন রিহ্যাবিলিটেশন অব সিক ইন্ডাস্ট্রিজের প্রথম সভায় চলমান আর্থিক সংকটে ক্ষতিগ্রস্ত রুগ্নশিল্প ও নন-টেক্সটাইল কারখানাগুলোকে বাঁচাতে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করা হয়েছে।
রবিবার দুপুরে ঢাকায় এফবিসিসিআই বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন।
সভায় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটির পরিচালক ইনচার্জ তাহমিন আহমদও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার রুগ্নশিল্প পুনর্বাসন ও তাদের দায় মেটানোর জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করে। এই টাস্কফোর্স রুগ্নশিল্প কারখানাগুলোকে গার্মেন্টস, টেক্সটাইল ও নন-টেক্সটাইল নামে তিনটি ক্যাটাগরিতে শ্রেণিবদ্ধ করে।
সরকার টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুসারে ২৭৯টি পোশাক কারখানা ও ১০০টি টেক্সটাইল কারখানার দায় নিষ্পত্তির জন্যে বিজ্ঞপ্তি জারি করেছিল; কিন্তু কোনো নন-টেক্সটাইল কারখানা এখনো এ সুবিধা পায়নি। উল্টো এসব শিল্প রুগ্নশিল্প হলেও ব্যাংকগুলো খেলাপি দেখিয়ে মানি লোন কোর্টে মামলা করেছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় একাধিকবার বৈঠক করেও এ বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি। ফলস্বরূপ, রুগ্নশিল্প নন-টেক্সটাইল কারখানাগুলো নতুন ব্যবসায়িক উদ্যোগ নিতে অক্ষম হয়ে পড়েছে। তাই রুগ্নশিল্প মালিকগণ এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন।
সভায় এফবিসিসিআই স্থায়ী কমিটির সভাপতি সাদেক ইউ চৌধুরী বলেন, রুগ্নশিল্পকে পুনর্বাসনের জন্যে ১৯৯৮ সালে মুন্সেফ কমিটি গঠন করা হয়। রুগ্নশিল্প পুনর্বাসনের জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার ১০০ কোটি টাকার তহবিল গঠন করেছিল।
সভায় প্রধান অতিথি এফবিসিসিআইর জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, রুগ্নশিল্পকে সহায়তা ও পুনর্বাসনের জন্যে এফবিসিসিআইতে একটি পৃথক ডেস্ক স্থাপন করা হবে।
তিনি বলেন, এফবিসিসিআই, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আলোচনার মাধ্যমে সদ্য রুগ্নশিল্প হয়ে পড়া শিল্পের পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হবে।
এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটির পরিচালক ইনচার্জ ও এসসিসিআই সভাপতি তাহমিন আহমেদ জানান, রুগ্নশিল্প মালিকদের উদ্ধারে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে তারা শিগগিরই চিঠি পাঠাবেন।
সভায় এফবিসিসিআই মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান নাসির উদ্দিন এ ফেরদৌস, এম নজরুল ইসলাম, সরকার মো সালাউদ্দিন ও এ কে এম খোরশেদ আলম খানসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি