জুয়েল আহমদ, জগন্নাথপুর : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার যুক্তরাজ্য প্রবাসী তরুণ আকি রহমান মাত্র ৮ ঘণ্টায় রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস জয় করে নতুন রেকর্ড গড়েছেন।
উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ইছকন্দর আলীর ছেলে আকি রহমানের এই সাফল্য বাঙালির অর্জনের ধারাকে আরো বেগবান করলো।
আকি রহমান নামে ব্যাপক পরিচিত আখলাকুর রহমানই এলব্রুস জয়ী প্রথম বাঙ্গালি। এই প্রত্যয়ী তরুণ বৈশ্বিক মহামারি করোনার কবল মুক্ত হওয়ার ৫ম দিনেই এ দুঃসাহসিক অভিযান সম্পন্ন করেন।
আকি রহমান ৭ অক্টোবর এলব্রুস পর্বত জয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। পরদিন সকাল ১১টায় যোগ দেন ক্যাম্পে। রাত ১টায় শুরু করেন আরোহন। ৯ অক্টোবর সকাল ৯টায় পর্বতশৃঙ্গে উড়ান লালসবুজের পতাকা। একই সঙ্গে যুক্তরাজ্যেও পতাকাও উড়িয়ে দেন।
আকি রহমান মাত্র দেড়বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানেই বেড়ে উঠেছেন; কিন্তু জন্মভূমির কথা ভুলেননি। তাই বাঙালির চিরচেনা গামছা মাথায় বেঁধে পর্বত চূড়ায় অরোহন করেন।
আকি রহমানের খালতো ভাই জগন্নাথপুরের সামিনুর রহমান ভূঁইয়া জানান, এই জয় শুধু আকি রহমানের নয়-পুরো বাঙালি জাতির।