রাজপুত্র সিদ্ধার্থের জন্ম বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণ স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

প্রকাশিত May 4, 2023
রাজপুত্র সিদ্ধার্থের জন্ম বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণ স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

নিজস্ব প্রতিবেদক : আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। রাজপুত্র সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণ-এই ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় তিথি। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য কর্মসূচিতে দিনটি উদযাপিত হয়ে থাকে।
‘এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধধর্মাবলম্বীগণ স্নান করেন। শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্জ্বলিত করেন। ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। এছাড়া বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ ও সমবেত প্রার্থনা করে থাকেন।’-উইকিপিডিয়া
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সিলেটসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সিলেট বৌদ্ধ সমিতির কর্মসূচি দু’দিনের। আজ বৃহস্পতিবার, ৪ মে বিকেল ৪টায় ঐহিত্যবাহী ক্বিনব্রিজ প্রান্ত থেকে শান্তি শোভাযাত্রা বের করা হবে।
এছাড়া রয়েছে বৌদ্ধ বিহারে আগামীকাল শুক্রবার, ৫ মে সকাল ৭টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিকখার দান, বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা, সকাল ১১টায় ভিক্ষু সংঘের পিণ্ডদান ও দুপুর ২টায় আলোচনা সভা।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের কর্মসূচিতে রয়েছে বৃহস্পতিবার, ৪ মে সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে বিশ্বশান্তি কামনায় শোভাযাত্রা, সকাল ১০টায় বুদ্ধপূজা উৎসর্গ, বিকেল ৩টায় আলোচনা সভা ও বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।