বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সহিংসতা, নাশকতা ও হত্যাচেষ্টার ৩ মামলায় এজাহারভুক্ত আসামি মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমানকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১১ অক্টোবর) ভোররাতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল রেল ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি রাজনগর উপজেলার তারাপাশা ইউনিয়নের মৃত মছব্বির মিয়ার ছেলে ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুর রহমানের ছোট ভাই। তার
গ্রেফতারের বিষয়টি র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার আব্দুলাহ আল নোমান নিশ্চিত করেছেন।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গ্রেফতারের পর থানা হাজতে থাকা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন।
তিনি বলেন, ‘ঐ দিন হামলার সময় তিনি ছিলেন না।’ চেয়ারম্যান ন্যায়বিচার দাবি করে কামারচাক ইউনিয়নবাসীর কাছে দোয়াও চান।
গ্রেফতারকৃত চেয়ারম্যানের থানা হাজত থেকে লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ার পরপরই এ নিয়ে হুলস্থুল পড়ে যায়। যদিও কিছুক্ষণ পর ভিডিওটি তার আইডি থেকে ডিলিট করে দেওয়া হয়।
এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো মাহবুবুর রহমান বলেন, সকাল থেকে তিনি থানার বাইরে ছিলেন, লাইভটির বিষয়ে তার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আতাউর রহমান আওয়ামী লীগের মনোনয়নে ২০২১ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কামারচাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) তার গুদাম থেকে অবৈধভাবে আনা ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।