রমজানে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত March 8, 2024
রমজানে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী পবিত্র রমজান মাসকে সামনে রেখে কম মুনাফায় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বৃহস্পতিবার, ৭ বিকেল ৪টায় নগর ভবনের সভাকক্ষে আসন্ন পবিত্র মাস রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভার সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রমজান মাসের পবিত্রতা রক্ষা, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সেহরি ও ইফতারের সময় সাইরেন বাজানো এবং পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনরে উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মেয়র খোলা অবস্থায় ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি না করার ব্যবস্থা গ্রহণ সহ অসুস্থ গরু—ছাগল জবাই না করা ও নির্ধারিত মূল্যে ভেজাল মুক্ত মাংস বিক্রি করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীগণকে আহবান জানান।
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাই প্রতিরোধ, যানজট নিরসন ও রাস্তায় যত্রতত্র ভ্যানগাড়ি না রাখতে পুলিশ, র‌্যাব ও ট্রাফিক বিভাগকে এবং সেহরি ও ইফতারের সময়ে সাইরেন বাজানোর ব্যবস্থা গ্রহণের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটকে অনুরোধ জানান।
এছাড়া তিনি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা-বিশেষ করে তারাবিহ, সেহেরি ও ইফতারের সময় লোডশেডিং যাতে না হয় এবং কোথাও বৈদ্যুতিক ট্রান্সফরমার নষ্ট হলে তা পুন:স্থপনের পূর্ব প্রস্তুত্তির ব্যাপারে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানান।
সভায় পবিত্র রমজান মাসে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকা, মহিষের মাংস ৬৫০ টাকা, খাসির মাংস ১ হাজার টাকা ও ভেড়ার মাংস ৯৫০ টাকা নির্ধারণ করা হয়।
মতবিনিময় সভায় জানানো হয়, সিলেটের ব্যবসায়ী মহল ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে মহানগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে শুধু রমজান মাসের জন্য ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় অস্থায়ী বাজার বসানোর পরিকল্পনা করা হচ্ছে।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি