রবিবার দেশব্যাপী হরতাল আহ্বান বিএনপির || আওয়ামী লীগের ঘোষণা শান্তি ও উন্নয়ন সমাবেশের

প্রকাশিত October 28, 2023
রবিবার দেশব্যাপী হরতাল আহ্বান বিএনপির || আওয়ামী লীগের ঘোষণা শান্তি ও উন্নয়ন সমাবেশের

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে এক পুলিশ সদস্য নিহত হওয়া এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনায় দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। অনেক বছর পর দেশ পড়ছে আবার হরতালের কবলে। অন্যদিকে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে শান্তি ও উন্নয়ন সমাবেশ অব্যাহত রাখার। পরস্পর বিরোধী কর্মসূচির জের ধরে ইতোমধ্যে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা ঘণীভূত হতে শুরু করেছে।
এ দিকে পরিবহন শ্রমিক সংগঠনগুলো বিএনপি আহুত রবিবার, ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের সময় যানবাহন চালানোর ঘোষণা দেওয়ায় পরিস্থিতি কোন দিকে যেতে পারে-জনমনে এ প্রশ্ন জেগে উঠেছে।
শনিবার মহাসমাবেশ চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ নিহত হন। দৈনিক বাংলা মোড়ের কাছে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হন।
উল্লেখ্য, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে।
একই সময়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
তবে জামায়াতে ইসলামী পুলিশের অনুমতি পেতে ব্যর্থ হয়েও শাপলা চত্বরে সমাবেশ করতে চেষ্টা চালায়; কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় করতে পারেনি।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শান্তিপূর্ণ মহাসমাবেশ চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ সম্মিলিতভাবে তাতে হামলা চালায়। এর প্রতিবাদে দলটি আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।
অন্যদিকে দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আওয়ামী লীগ একই দিন শান্তি ও উন্নয়ন সমাবেশ করার ঘোষণা দিয়েছে।