নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের-বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান যৌক্তিক সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর (২ আশ্বিন) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে আয়োজিত শোভাযাত্রা পূর্ববতী সবিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, গত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিএনপিকে দমন করতে গিয়ে এম ইলিয়াছ আলীসহ দলের ৫২২ জন নেতাকর্মীকে গুম করেছে। খুন করেছে ১০ হাজার নেতা-কর্মীকে। শেখ হাসিনার রোষানলে পড়ে নিঃস্ব হয়েছেন ১০ লাখ নেতা-কর্মী। তবুও তারেক রহমানের নির্দেশে বিএনপি রাজপথ ছাড়েনি। এরই ফসল হিসেবে ৫ আগস্ট স্বৈরশাসকের পতন হয়েছে। এই অর্জনকে বৃথা যেতে দেওয়া হবে না।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, তাহসিনা রুশদীর লুনা ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
এর আগে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন।
সমাবেশ শেষে বিশাল শোভাযাত্রা বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হয়।