যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতেই হবে : সুনামগঞ্জে নির্বাচন কমিশনার আনিছুর রহমান

প্রকাশিত December 24, 2023
যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতেই হবে : সুনামগঞ্জে নির্বাচন কমিশনার আনিছুর রহমান

পলি রায়, সুনামগঞ্জ : নির্বাচন কমিশনার মো আনিছুর রহমান বলেছেন, যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতেই হবে।
রবিবার ২৪ ডিসেম্বর (৯ পৌষ) দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, সবকিছু মিলিয়ে দেশের অন্যান্য এলাকার ন্যায় সুনামগঞ্জেও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে।
তিনি জানান, যারা নির্বাচন বিরোধী প্রচারপত্র বিতরণ করছেন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন সবার জন্য সমান। যেকোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করতেই হবে।
গ্রহণযোগ্য নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনী আইনে কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে তা নির্ধারিত নেই। তবে সর্বোচ্চ সংখ্যক নারী-পুরুষ ভোটার যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই চেষ্টা চলছে।
তিনি জানান, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। নির্বাচনের পরে আরও দুইদিন সশস্ত্র বাহিনী মাঠে থাকবে
সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যাগে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান ও সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। এছাড়া পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ জেলার বিভিন্ন আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।