যারা আইনের শাসনের সবক দেয় তারাই অন্যকে বাধা দেয় আইনের শাসন প্রতিষ্ঠায় : মোমেন

প্রকাশিত August 12, 2022
যারা আইনের শাসনের সবক দেয় তারাই অন্যকে বাধা দেয় আইনের শাসন প্রতিষ্ঠায় : মোমেন

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বের কিছু দেশ আইনের শাসনের সবক দেয়; কিন্তু আমরা যখন আইনের শাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার শুরু করি তখন আমাদেরকে বাধা দেয়। আমাদের উপর মাতব্বরি ফলাতে চায়।
শুক্রবার বিকেলে মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে নিজের অফিস পরিদর্শনকালে তিনি একথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রী বঙ্গবন্ধু সহ পনেরোই আগস্টের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেন, তার নির্বাচনী এলাকার মানুষের চাওয়া-পাওয়ার কথা নিয়মিত যাতে তিনি জানতে পারেন সেজন্যে সিলেটে অফিস করেছেন। এখান থেকে তাকে দ্রুত খবরাখবর জানানো হয়। ফলে সিদ্ধান্ত গ্রহণে সময়ক্ষেপণ হয়না।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, এই অফিস থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিয়ে তাকে জানানো হয়।
তিনি যতদিন সংসদ সদস্য থাকবেন ততদিন এই অফিস থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ, জেলা প্রশাসক মো মজিবর রহমান ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট রাজউদ্দিন।