নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো খলিলুর রহমান বলেছেন, যতই সময় যাচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ততই স্বমহিমায় উদ্ভাসিত হচ্ছেন। অনেক চক্রান্ত হয়েছে স্বাধীনতর মহানায়ককে নিয়ে; কিন্তু শেষপর্যন্ত সকল অপ্রচারের আগুন আমরা নিভিয়ে দিতে সক্ষম হয়েছি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনগুলো আমাদের সামনে এই মহান নেতাকে জানার নতুন জানালা খুলে দিয়েছে। আমাদেরকে গবেষণা-প্রকাশনার মাধ্যমে আরো বেশি করে জানতে হবে। মুজিববর্ষ উদযাপনের মধ্য দিয়ে সেই সুযোগ তৈরি হয়েছে।
রবিবার সকালে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়েজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম : সিলেটে বঙ্গবন্ধু’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।
বিভাগীয় কমিশনার মো খলিলুর রহমান বলেন, বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই বাঙালির নিজস্ব রাষ্ট্র হয়েছে। জাতি আত্মপরিচয় খুঁজে পেয়েছে। বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে।
তিনি সিলেট বিভাগের চার জেলায় বঙ্গবন্ধুর সফর নিয়ে একটি পূর্ণাঙ্গ বই প্রকাশের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, এই আয়োজন থেকে কথা বলা আর তথ্য সংগ্রহ করা শুরু হলো।
জাতির পিতাকে নিয়ে এ ধরনের আয়োজনের উপর গুরুত্ব আরোপ করে প্রধান অতিথি বলেন, এতে নতুন প্রজন্মের সরকারি কর্মকর্তারা অনুপ্রাণিত হবেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, লোকসংস্কৃতি গবেষক, প্রাবন্ধিক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ। নির্ধারিত আলোচক ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ।
পরে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিংহের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শামীমা আখতার চৌধুরী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহিদ উদ্দন চৌধুরী, প্রথম আলোর সুনামগঞ্জ জেলা প্র্রতিনিধি খলিল রহমান ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।
এছাড়াও সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।