বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজার শহরের চলমান উন্নয়ন বজায় রাখতে ও উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যকে সামনে রেখে মৌলভীবাজার পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের ১৫০ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ৯২৪ টাকা ৭৩ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার, ৩০ জুলাই (১৫ শ্রাবণ) দুপুরে পৌরসভা মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো ফজলুর রহমান।
রাষ্ট্রীয় শোক উপলক্ষে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে তিনি এই বাজেট ঘোষণা করেন।
বাজেট অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর বায়েস আহমদ, সালেহ আহমদ, সংরক্ষিত আসনের কাউন্সিলগণ, পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, হিসাব রক্ষণ কর্মকর্তা উজ্জল চন্দ্র দেব ও অন্যান্য কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকবৃন্দ।
বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র। তিনি জানান, বাজেটে সড়ক উন্নয়ন, দারিদ্র দূরীকরণ, দুর্যোগ, আবাসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মেয়র আরও জানান, জলাবদ্ধতা দূরীকরণ, মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও শহরের সৌন্দর্য বর্ধনের আধুনিকায়নে বরাদ্দ বাড়ানো হয়েছে।