রাজনগরে দুইপক্ষের ৩ ঘণ্টা সংঘর্ষে ইউপি চেয়ারম্যান আ লীগ নেতা নিহত আহত ৩ শতাধিক

প্রকাশিত August 9, 2024
রাজনগরে দুইপক্ষের ৩ ঘণ্টা সংঘর্ষে ইউপি চেয়ারম্যান আ লীগ নেতা নিহত আহত ৩ শতাধিক

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুই পক্ষের তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছানা (৫০) নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শুক্রবার, ৯ আগস্ট (২৫ শ্রাবণ) সকাল ১১টায় উপজেলার মধুরবাজারে এই সংঘর্ষ শুরু হয়। আহতদেরকে রাজনগর, মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধুরবাজারে মহেশ দাসের দোকান লুট হয়। এনিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সকালে লুটেরাদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা দেওয়ান মিয়ার ভাই চুনু মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুজনের গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার পরিণতিতে রক্তা গ্রামের বিএনপি নেতা পিন্টু সুলতানের নেতৃত্বে ও কেওলা গ্রামের আওয়ামী লীগ নেতা দেওয়ান মিয়ার নেতৃত্বে মধুরবাজারে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০০ জন গুলিবিদ্ধ ও ইটপাটকেলে আহত হন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছানাকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। পরে নেওয়া হয় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মৌলভীবাজার ও রাজনগরের দায়িত্বে থাকা সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী সেখানে অবস্থান করছে।
নিহত সিরাজুল ইসলাম ছানার চাচাতো ভাই দেওয়ান মিয়ার অভিযোগ, তার ভাইকে বিএনপি নেতা পিন্টু সুলতান গুলি করে মেরেছেন। তাদের সব দোকানও লুট করা হয়েছে।
অন্যদিকে পিন্টু সুলতান অভিযোগ করেন, তিনি তার আইস ফ্যাক্টরিতে কাজ করার সময় সারমপুর ও কেওলা গ্রামের লোকজন বাজারে এসে তাদের উপর হামলা চালায়। পরে তারা তাদের প্রতিহত করেন।