বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
বিএনপির অভিযোগ, তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে আওয়ামী লীগ হামলা চালালে দলের জেলা সভাপতি এম নাসের রহমান সহ প্রায় ১৫ নেতাকর্মী আহত হন।
শনিবার দুপুরে বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করে আওয়ামী লীগ। এরপর চৌমহনায় শান্তি সমাবেশ করা হয়। মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য, দলের জেলা সভাপতি নেছার আহমদের সভাপত্বিতে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মো ফজলুর রহমান ও মো কামাল হোসেন এবং যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে বক্তারা ঘোষণা দেন, বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধে আওয়ামী লীগ মাঠে থাকবে।
বিএনপির অভিযোগ, এর কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী তারা শহরে মনববন্ধন করার প্রন্তুতি নিলে আওয়ামী ণীগ, ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতা-কর্মী তাদের উপর হামলা চালায়। এর জের ধরে দু পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে। এ সময় ২টি গাড়ি ভাংচুর হয়।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় আহত হন জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সুহান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, তাজুদ, আলামীন ও রুমেলসহ জেলা বিএনপির প্রায় ১৫ নেতা-কর্মী। অন্যদিকে ছাত্রলীগের ৫ জন আহত হয়েছেন বলে জেলা ছাত্রলীগ দাবি করেছে। আহতরা শহরের বেসরকারি বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান জানান, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাইলেও সরকারি দল তাদেরকে বাধা দিচ্ছে। হঠাৎ করেই সরকারের মদতপুষ্টরা দেশীয় অস্ত্রনিয়ে তাদের উপর হামলা চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন জানান, দুই দলের পাল্টাপাল্টি সমাবেশে যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয় সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।