শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত November 20, 2022
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের শেরপুরে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার আওতায় ৫০টি শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
এর মধ্য দিয়ে সিলেট বিভাগের কোটি মানুষের প্রত্যাশা শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু হলো। এই প্রকল্প বাস্তবায়নের ফলশ্রুতিতে এই জনপদ শিল্পসমৃদ্ধ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
রবিবার সকাল পৌণে ১১টায় ভার্চুয়াল প্লাটফরমে এ সকল শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার সদস্য (প্রশাসন ও অর্থ) আব্দুল আজিম চৌধুরী এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইউকে ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা।
সিলেট বিভাগের চার জেলার সংযোগস্থল শেরপুরে ৩৫২ একর জমির উপর গড়ে তোলা হয়েছে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল। এখানে ৪৪ হাজার লোকের কর্মসংস্থান হবে। এ প্রকল্পটি ঘিরে গড়ে উঠা অন্যান্য ব্যবসাতেও লক্ষাধিক লোকের কর্মসংস্থানের সুযোগ থাকছে।
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৬টি বড় শিল্প প্রতিষ্ঠানকে ২৩১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এতে গড়ে উঠেছে ১৯টি শিল্প কারখানা। এখানে রয়েছে নিজস্ব বিদ্যুৎ ও পানির ব্যবস্থা। ডাবল গেজিং ইন্ডাস্ট্রিসহ কয়েকটি শিল্প-কারখানা ইতোমধ্যে উৎপাদনও শুরু করে দিয়েছে।