নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের গৃহদান কর্মসূচির তৃতীয় পর্যায়ে সিলেটে ৮১৭টি পরিবার ২ শতক জমিসহ ঘর পাচ্ছে।
সোমবার বিকেলে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো মজিবর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল উপজেলায় তালিকাভুক্ত পরিবারগুলোর কাছে ঈদ উপহার স্বরূপ সর্বমোট ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করবেন।
সিলেট জেলার ১৩টি উপজেলায় এ পর্যায়ে বরাদ্দকৃত ঘরের সংখ্যা হলো : সিলেট সদরে ৬০, দক্ষিণ সুরমায় ২৭, বিশ্বনাথে ৩৩, ওসমানীনগরে ১০, বালাগঞ্জে ৪২, ফেঞ্চুগঞ্জে ১২, গোলাপগঞ্জে ৫০, বিয়ানীবাজারে ১২০, জকিগঞ্জে ৩৫, কানাইঘাটে ৮৪, জৈন্তাপুরে ৮৭, গোয়াইনঘাটে ২২৪ ও কোম্পানীগঞ্জে ৩৩। এবারের ঘরগুলো আগের চেয়ে আরও উন্নতমানের। তাই ব্যয়ও লাখখানেক টাকার মতো বেড়েছে।
জেলা প্রশাসক জানান, তিনি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন সময়ে প্রকল্প এলাকা পরিদর্শন করে নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করেছেন।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে বরাদ্দকৃত ঘরগুলো সম্পর্কে কোন অভিযোগ পাওয়া যায়নি। সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে সমাধানের ব্যবস্থা রয়েছে।
জেলা প্রশাসক উল্লেখ করেন, সম্প্রতি সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন ও তিনি জকিগঞ্জ উপজেলার একটি প্রকল্প এলাকা পরিদর্শনে গেলো সেখানকার নিবাসীরা তাদেরকে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় নিবাসীদের প্রত্যাশা অনুযায়ী বিভাগীয় কমিশনার সেখানে শিশুদের খেলাধুলার জন্যে ২ লাখ টাকা বরাদ্দ দেন, যা দিয়ে ইতোমধ্যেই কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার সাদাতও উপস্থিত ছিলেন।