মুক্তিযুদ্ধ ও মুজিবনগর সরকার নিয়ে গবেষণার আহ্বান সম্প্রীতি বাংলাদেশের আলোচনায়

প্রকাশিত April 23, 2024
মুক্তিযুদ্ধ ও মুজিবনগর সরকার নিয়ে গবেষণার আহ্বান সম্প্রীতি বাংলাদেশের আলোচনায়

বীর মুক্তিযোদ্ধাসহ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক নেতারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকারের ভূমিকা নিয়ে আরও ব্যাপক গবেষণার আহ্বান জানিয়েছেন।
সোমবার, ২২ এপ্রিল সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে সম্প্রীতি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তারা এ আহ্বান জানান।
বক্তারা একই সঙ্গে সঠিক ইতিহাস জানতে শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানান।
তারা অভিমত ব্যক্ত করেন, ‘মুজিবনগর সরকার গঠন না হলে হয়তো দেশ স্বাধীন হতো না। সেই সরকার কোনো ধর্মের উপর নয় বরং বাঙালিদের নিয়ে গঠিত হয়। এখন ধর্মকে সবাই রাজনৈতিকভাবে ব্যাবহার করছি।’
অনুষ্ঠানে প্রধান আলোচক সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন, মুক্তিযুদ্ধ বা মুজিবনগর নিয়ে এখন পর্যন্ত সম্পূর্ণ গবেষণা হয়নি। এ নিয়ে আরও কাজ করতে হবে। ইতিহাসে মার্চ ও ডিসেম্বর মাস প্রাধান্য পায়; কিন্তু পিছিয়ে থাকে এপ্রিল মাস। অথচ এপ্রিল না থাকলে হয়তো ডিসেম্বর আসতো না। এটি শুধু স্বাধীনতার লড়াই ছিল না-ছিল অসাম্প্রদায়িক জাতিসত্তা গঠনের লড়াই। স্বাধীনতার পরও অনেকেই লড়ছেন বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে-ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে। তারা দেশকে পাকিস্তান বানাতে চায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড সীতেশ চন্দ্র বাছার। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড মো নিজামুল হক ভূঁইয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড আব্দুল বাছির ও ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড ফিরোজ আহমেদ। সভাপতিত্বে ছিলেন সম্প্রীতি বাংলাদেশের ঢাবি শাখার আহবায়ক অধ্যাপক ড বিমান চন্দ্র বড়ুয়া।
এছাড়া ভারত থেকে আগত অতিথি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন আসাম রাজ্যের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড সৌমেন ভারতীয়া ও প্রখ্যাত লেখিকা অধ্যাপক ড রীতা চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি