মুক্তিযুদ্ধের মাধ্যমে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বাঙালি জাতির প্রতিবাদ শুরু : বিভাগীয় কমিশনার

প্রকাশিত December 9, 2023
মুক্তিযুদ্ধের মাধ্যমে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বাঙালি জাতির প্রতিবাদ শুরু : বিভাগীয় কমিশনার

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিল।
তিনি আরও বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতি দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে মহান স্বাধীনতা অর্জন করে। সেটা ছিল বাঙালির দুর্নীতি প্রতিরোধের প্রথম ধাপ। এ ডিসেম্বরেই তাতে বিজয় অর্জিত হয়েছিল।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উপলক্ষ্যে শনিবার, ৯ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বকতৃতায় বিভাগীয় কমিশনার বক্তব্য রাখছিলেন।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মু মাসুদ রানা, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লে ক (অব) মনির আহমদ কাদেরী, সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমদ ও সচেতন নাগরিক-কমিটি সনাক সভাপতি অ্যাডভোকেট ই ইউ শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের পরিচালক এস এম মফিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপপরিচালক মো জাভেদ হাবীব ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা।
বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, সমাজের প্রতিটি পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। ধর্মেও অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে। প্রতিটি ধর্মেই দুর্নীতির মতো কাজকে ঘৃণিত কাজ বলে অভিহিত করা হয়।
সরকারি প্রতিষ্ঠানগুলো দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, সরকারি অফিসগুলোতে গণশুনানির আয়োজন করা হয়, যেখানে সেবা গ্রহীতারা সরকারি অফিসের সেবার স্বচ্ছতা ও মানদণ্ড নিয়ে আলোচনা করতে পারেন। কোথাও সরকারি সেবা গ্রহণে বিলম্ব বা হয়রানির শিকার হলে সর্বোচ্চ পর্যায়ে জানানোর সুযোগ পাওয়া যায়। বর্তমানে সরকারি সকল নিয়োগ শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়। এছাড়াও সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিভিন্নভাবে দুর্নীতি প্রতিরোধ কর্মসূচির আয়োজন করা হয়, যার মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতির কুফল সম্পর্কে মানুষকে অবহিত করতে পারেন।
বিভাগীয় কমিশনার বলেন, দেশ ডিজিটাল হওয়ায় বর্তমানে দুর্নীতির হার অনেকটা কমে গেছে। ভূমি নামজারি সহ সরকারি প্রায় সকল সেবা এখন অনলাইনে নেওয়া যায়। তাই সাধারণ জনগণকে সরকারি সেবা গ্রহণে দালালদের কবলে পড়তে হয়না। তবে দেশের দুর্নীতি প্রতিরোধের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ভাবে দুর্নীতি প্রতিরোধ করতে হবে।
এ বারের দুর্নীতিবিরোধী দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা শেষে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও গণস্বাক্ষর কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। পিআইডি সিলেট