মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল ষড়যন্ত্র সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মোকাবিলার অঙ্গীকার ঘোষণা

প্রকাশিত July 16, 2024
মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল ষড়যন্ত্র সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মোকাবিলার অঙ্গীকার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সিলেটের সংস্কৃতিকর্মীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল ষড়যন্ত্র সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মোকাবিলার অঙ্গীকার ঘোষণা করেছেন।
মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার, ১৬ জুলাই (১ শ্রাবণ) সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এই অঙ্গীকার ঘোষিত হয়।
এর আগে দুপুর দেড়টায় ঐতিহাসিক সারদা স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এতে বিভিন্ন সাংস্কৃতিক ফেডারেশনের নেতৃবৃন্দ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিমের সভাপতিত্বে ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সাংস্কৃতিক নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে আল বদর-রাজাকারের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না।
তারা বলেন, শিক্ষার্থীদের যেকোনো নায্য দাবি ও অধিকার নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আদায় করা সম্ভব। বর্তমান শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দিবে। ষড়যন্ত্রকারীরা একটি নিয়মতান্ত্রিক আন্দোলনকে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের পথ হিসেবে বেছে নিয়েছে।
সাংস্কৃতিক নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে তারা শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা ও শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা বিধানের জন্যে সরকারের প্রতি অনুরোধ রাখেন।
তারা দেশ বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদ সারোয়ার সবুজ, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক নীলাঞ্জনা জুঁই প্রমুখ।
এছাড়াও কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মুকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মহানগর সভাপতি অ্যাডভোকেট কিশোর কুমার কর, সাংস্কৃতিক সংগঠক শামসুল বাসিত শেরো, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, প্রতিক এন্দ টনি, অনিমেষ বিজয় চৌধুরী, নাট্য সংগঠক খোয়াজ রহিম সবুজ, সাংস্কৃতিক সংগঠক বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন, নাট্য সংগঠক সুরাইয়া জামান, নাট্য নির্দেশক হুমায়ুন কবির জুয়েল, ছড়াশিল্পী সিরাজ উদ্দিন শিরুল, এখলাছ আহমদ তন্ময়, ধ্রুবজ্যোতি দে, নাহিদ পারভেজ বাবু, বাউল শিল্পী বিরহী কালা মিয়া, বাউল পথিক রাজ, বাউল লাল মিয়া, পুঁথি শিল্পী খোকন ফকির, সেক্টর কমান্ডারস ফোরামের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি শেখ নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সভাপতি মনোজ কপালি মিন্টু, সাধারণ সম্পাদক মো মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, বঙ্গবন্ধু আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মোহাম্মদ আক্কাস খান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মহানগর সহসভাপতি আব্দুল কাদির, সাদিকুর রহমান সাদিক, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা দিলওয়ার আল আজহার, বদরুল ইসলাম বদরু, আবুল মহসিন চৌধুরী মাসুদ, কালাম আহমদ, বিপ্র দাশ বিশু বিত্রুম, আব্দুল কাইয়ুম জুয়েল, অ্যাডভোকেট দিদার আহমদ, নূরুজ্জামান জুয়েল, পিংকু আব্দুর রহমান প্রমুখ।