প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা অর্জনে মণিপুরী সম্প্রদায়ের অবদান অবিস্মরণীয়। দেশের সব আন্দোলন-সংগ্রামেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সোমবার, ২৫ মার্চ (১১ চৈত্র) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মণিপুরী ইয়ুথ ফোরাম বাংলাদেশ আয়োজিত মণিপুরী সম্প্রদায়ের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এল ইবুংহাল সিংহের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ এবং কবি এ কে শেরাম।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রকে সংবিধানে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করে শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে কাজ শুরু করেন; কিন্তু মাত্র সাড়ে ৩ বছর পর তাকে হত্যার মাধ্যমে নানা অপশক্তি জাতির পিতার সে স্বপ্ন ভেঙ্গেচুড়ে দেয়। এরপর বাংলাদেশকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে পেছনে টেনে নিয়ে যাওয়া হয়।
স্বাধীনতাবিরোধীরা যতই ষড়যন্ত্র করুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সম্মিলিত অংশগ্রহণের জন্যে তিনি আহ্বান জানান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী পরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত বৈদেশিক চাকরি বিষয়ক মেলা উদ্বোধন করেন। পিআইডি সিলেট