মিথ্যাচারের মাধ্যমে প্রতিষ্ঠিত বিএনপি এখনও মিথ্যাচারের রাজনীতি করছে : পররাষ্ট্র মন্ত্রী

প্রকাশিত November 4, 2023
মিথ্যাচারের মাধ্যমে প্রতিষ্ঠিত বিএনপি এখনও মিথ্যাচারের রাজনীতি করছে : পররাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী, সিলেট-১ আসনের সংসদ সদস্য ড এ কে আবদুল মোমেন বলেছেন, বিএনপির জন্ম হয়েছে মিথ্যাচারের মাধ্যমে এবং এখনও মিথ্যাচারের মধ্যেই আছে। এরই ধারাবাহিকতায় দলটির নেতারা এক ব্যক্তিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা সাজিয়ে দেশে অশান্তি সৃষ্টির পায়তারা করেছিল; কিন্তু তাদের জালিয়াতি ধরা পড়ে গেছে।
তিনি আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের ভূয়া উপদেষ্টার বিচার দেশের প্রচলিত আইনেই হবে। আমেরিকায়ও হয়তো সেই দেশের আইনে বিচার করা হতে পারে। ইতোমধ্যে আমেরিকা জানিয়েছে, এই ব্যক্তি তাদের কেউ নয়।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে বিএনপি ২৮ অক্টোবর জ্বালাও-পোড়াও করেছে। পুলিশ ও সাংবাদিকদেরকে নির্যাতন করেছে। হত্যা করেছে একজন পুলিশ সদস্যকে। আগুন সন্ত্রাস করেছে। তাদের হাত থেকে হাসপাতালও রক্ষা পায়নি।
শনিবার, ৪ নভেম্বর সকাল ১০টায় মহানগরীর আম্বরখানা এলাকায় একটি চেইন শপের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
ড এ কে আবদুল মোমেন বলেন, আন্দোলনের নামে বিএনপি যে সন্ত্রাস করছে সে জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে ।
তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। জনগণ ভোট দিলে আমরা আবার ক্ষমতায় আসবো-না দিলে আসবোনা।’
সন্ত্রাস বাদ দিয়ে জনগণের কাছে যেতে পররাষ্ট্র মন্ত্রী বিএনপিকে পরামর্শ দেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশ ও জনগণের উন্নয়নে তার কোনো বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, পররাষ্ট্র মন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ ও বিশিষ্ট ব্যবসায়ী নওরোজ জাহান মারুফ।
পররাষ্ট্র মন্ত্রী পরে খাদিমনগরে সিলেট-তামাবিল মহাসড়কে পৃথক এসএমভিটি লেন সহ ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ উদ্বোধন করেন।