প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, এমপি ৩১ মের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা আগামী ১৫ দিনের মধ্যে (১৮ জুলাই) ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার, ৪ জুলাই (২০ আষাঢ়) রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি-বায়রার সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে। তাতে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বায়রা নেতৃবৃন্দ ১৫ দিন সময় চেয়েছেন। এই সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী নির্ধারিত ১০০টি রিক্রুটিং এজেন্সি কর্মীদের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব নিবে। কর্মী প্রেরণ প্রক্রিয়ায় জড়িত সকল রিক্রুটিং এজেন্সির নিকট থেকে ক্ষতিগ্রস্ত কর্মীদের টাকা ফেরৎ দেওয়ার বিষয়টি বায়রা তত্ত্বাবধান করবে।
কোনো রিক্রুটিং এজেন্সি টাকা ফেরৎ দিতে অসহযোগিতা করলে বায়রা মন্ত্রণালয়কে অবহিত করবে এবং মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবে ।
প্রতিমন্ত্রী জানান, গত ৩১ মে পর্যন্ত বিএমইটি থেকে ৪ লাখ ৯৩ হাজার ৭২৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়; কিন্তু মালয়েশিয়া গেছেন ৪ লাখ ৭৬ হাজার ৯৫২ জন। সেই হিসাবে ১৭ হাজার ৭৭৭ জন যেতে পারেননি।
শফিকুর রহমান চৌধুরী আশা প্রকাশ করেন, ক্ষতিগ্রস্ত কর্মীদের সমূদয় টাকা ফেরত পাওয়ার ব্যাপারে বায়রা ও রিক্রুটিং এজেন্সিগুলো মন্ত্রণালয়কে সহযোগিতা করবে।
তিনি জানান, এ মাসের শেষের দিকে মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। তখন বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলবে। তথ্য বিবরণী