মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে || ইশতেহারের ২১ দফা বাস্তবায়নে গুরুত্ব আরোপ আনোয়ারের

প্রকাশিত June 24, 2023
মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে || ইশতেহারের ২১ দফা বাস্তবায়নে গুরুত্ব আরোপ আনোয়ারের

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, এখন মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।
তিন আরও বলেছেন, ‘সিলেটবাসী মেয়র নির্বাচিত করে কেবল আমাকেই সম্মান জানাননি-প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকেও সম্মান জানিয়েছেন।
শনিবার, ২৪ জুন বিকেলে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যমকর্মী ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আনোয়ারুজ্জামান চৌধুরী বক্তব্য দিচ্ছিলেন।
তিনি সিসিক নির্বাচনে মেয়র পদে তাকে মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া নির্বাচনী প্রচারণায় ঐতিহাসিক ভূমিকা রাখায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটের আওয়ামী পরিবারের নেতা-কর্মীসহ সর্বস্তরের নাগরিকদের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে ২১ দফা ইশতেহার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি সিলেটের গণমাধ্যম কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বীর আলী, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য মকসুদ আহমদ, যুক্তরাজ্য যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক জামাল আহমদ খান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডু ও সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিণী হলি চৌধুরী এবং তাদের দুই ছেলে রুহানুজ্জামান চৌধুরী ও রুম্মানুজ্জামান চৌধুরীও উপস্থিত ছিলেন।