বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি কাভার্ড ভ্যান থেকে প্রায় ৯১ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিকস উদ্ধার করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি অধিনায়কের দিকনির্দেশনায় একদল বিজিবি সদস্য রবিবার (২৭ অক্টোবর/১১ কার্তিক) সকাল ৮টার দিকে উপজেলার সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি মিনি কাভার্ড ভ্যান আটক করে।
পরে এই কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় ৬ হাজার ৫০৭ মিটার জর্জেট কাপড়, ১ হাজার ৪৯৬ বোতল কিউকারপিন অলিভ অয়েল, ২ হাজার ৮০টি ডভ সাবান, ২ হাজার ৩০৩ টি জনসন বেবি সোপ, ২ হাজার ৩৩৭টি লেকমি ক্রিম, ২ হাজার ৩০৮টি নিভিয়া সফট ক্রিম, ৯৩৮টি ক্লিনিক প্লাস শ্যাম্পু, ২ হাজার ৮০০টি ভেটনোভেট এন ক্রিম এবং ২০ হাজার ১৬০টি কাভেরি মেহেদী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৯০ লাখ ৯০ হাজার টাকা। আটককৃত মালামাল হবিগঞ্জ জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।