মাধবপুর প্রতিনিধি : সিলেট-ঢাকা পুরাতন মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রলীগ চুনারুঘাট পৌরসভা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আমির খান শিপন (২৫) মারা গেছেন।
বুধবার দুপুর ১টার দিকে পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমির খান শিপন চুনারুঘাট পৌরসভার গড়াইল এলাকার নাছির খানের ছেলে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম মোস্তাফা জানান, আমির খান শিপন ও চাঁন মিয়া নামের এক যুবক চুনারুঘাট থেকে মোটরসাইকেল যোগে মাধবপুরের দিকে আসার পথে সুরমা চা বাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্য ঘটে। এতে আমির খান শিপন ঘটনাস্থলেই মারা যান। আহত হন চাঁন মিয়া। তাকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার ও পিকআপটি আটক করেছে।