তন্দ্রা দেব রায়, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম পুনর্বহাল করার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার, ২৮ আগস্ট (১৩ ভাদ্র) দুপুরে ক্যাম্পাস থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে মাধবপুর উপজেলা সদরে পৌঁছে ঢাকা-সিলেট।মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে।
পরে উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক পৌর কাউন্সিলর গোলাপ খান, কলেজের প্রাক্তন ছাত্র আলাউদ্দিন আল রনি, মোস্তফা কামাল বাবুল, আলমগীর কবির, মাধবপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজীল, মেহেদী হাসান, ইমন খান, আশরাফুল বারী খান শাকিল ও হাবিবা ইসলাম।
বক্তারা বলেন, মাধবপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের নাম আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী প্রভাব কাটিয়ে পরিবর্তন করে তার পিতার নামে মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ করে নেন। এ নিয়ে মাধবপুরবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
মানববন্ধন শেষে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার কলেজের নাম দ্রুত পরিবর্তন না করলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।