তন্দ্রা দেব রায়, মাধবপুর : বঙ্গবন্ধুর মতো দেখতে। তাই হঠাৎ কেউ দেখলে চমকে উঠতে পারেন। কারণ বাস্তবে এমন হওয়ার কথা নয়। অন্তরজুড়ে থাকলেও জাতির পিতা দৃষ্টিসীমার বাইরে; কিন্তু মানসপটে সেই মুখ আর সেই চোখ জ্বলজ্বল করে। বজ্রকণ্ঠ ধ্বনিত-প্রতিধ্বনিত হয়।
নাম আরুক মুন্সি। এ যেন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ছড়িয়ে পড়লে তিনি চলে আসেন আলোচনায়। অপ্রত্যাশিতভাবে তাকে কাছে পেয়ে সিলেট বিভাগের প্রবেশদ্বার খ্যাত হবিগঞ্জের মাধবপুরে রীতিমতো হুলুস্থূল পড়ে যায়। প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
শুক্রবার দুপুরে আরুক মুন্সি ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে সিলেট যাওয়ার পথে মাধবপুর বাসস্ট্যান্ডে নেমে সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেন। তাকে ফুলেল শুভেচ্ছা জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন গোল্ডেন ও মাধবপুর উপজেলা সাধারণ সম্পাদক মো আলমগীর সহ অন্যরা ।
আরুক মুন্সি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড ভিড় জমে উঠে তাকে ঘিরে। তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সর্বস্তরের মানুষ। সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলার পর তিনি সিলেটের উদ্দেশে যাত্রা করেন।