রাজীব দেব রায় রাজু, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এ বছর পাটের বাম্পার ফলন হয়েছে। তাই পাট বিক্রি করে ভাল আয়ের আশা করছেন কৃষকরা। এছড়া এবারের ফলন পাট চাষের প্রতি কৃষকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
উপজেলায় এ বছর ৩৫০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। গত বছর হয়েছিল ৩৩০ হেক্টরে। এবার দেশেী জাতের পাটসহ উন্নত জাতের পাটের চাষ হয়েছে।
কৃষক অজয় দেব জানান, পাট চাষ করতে অনেক খরচ। তার এক কানি জমিতে ভারতীয় জাতের পাট চাষে খচর হয়েছে প্রায় ৭ হাজার টাকা। দাম মিলবে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা। বীজের দাম কম হলে আরেকটু লাভ হতো।
কৃষক মাহফুজ মিয়া ১০ কানি জমিতে পাট করেছেন। খরচ হয়েছে ৬০ হাজার টাকার মতো। তবে এক লাখ টাকার উপরে দাম পাওয়ার আশা করছেন। সরকারও পাটের ভাল দাম নির্ধারণ করেছে। পাট উৎপাদন করে জ্বালানি হিসেবে পাওয়া যায় পাটকাঠি। এছাড়া পাটের শাক খাওয়া যায়।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, ভাল ফলনের কারণে আগ্রহ বেড়েছে কৃষকদের মাঝে। এবার ৩৫০ হেক্টর জমির মধ্যে ৮০ হেক্টরে দেশী পাট, ৭০ হেক্টরে তুসা পাট, ১৯০ হেক্টরে কেনাপ পাট ও ১০ হেক্টরে মেছতা পাটের চাষ হয়েছে।