সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, মাদকের ভয়াল গ্রাস থেকে সন্তানদেরকে বাঁচাতে হবে। তরুণ প্রজন্ম বিশেষ করে কিশোর-তরুণ-যুবকরা মাদকে মারাত্মকভাবে আসক্ত হচ্ছে, যা পরিবার ও সমাজের উপর বিরূপ প্রভাব ফেলছে।
অভিভাবকদের অতি শাসন, অতি আদর আর উদাসিনতার কারণে সন্তান মাদকে আসক্ত হয়ে পড়ে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন।
‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে রবিবার, ১৪ জুলাই (৩০ আষাঢ়) সিলেট জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মলয় ভূষণ চক্রবর্তী।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।