মাথা না নোয়ানোর বাংলাদেশে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত June 24, 2022
মাথা না নোয়ানোর বাংলাদেশে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আল আজাদ : আর মাত্র কয়েক ঘণ্টা। অর্থাৎ রাত পোহালেই শুভউদ্বোধন স্বপ্নের পদ্মা সেতুর। বাঙালির গর্ব ও গৌরবের এই অনন্য স্থাপনা উদ্বোধন করবেন, পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা ও স্বপ্নপূরণের সারথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। গোটা জাতি অধীর আগ্রহে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রতিটি মুহূর্ত পার করছে।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলার পথে ‘জ্বলে পুড়ে মরে ছারখার, তবু…’ মাথা না নোয়ানোর বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় অসাধ্য সাধনের নতুন দৃষ্টান্ত পদ্মা সেতু। লাগাতার দেশী-বিদেশী চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়ানো পদ্মা সেতু, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের উচ্চারণ ‘…কেউ আমাদের দমাতে পারবেনা’র অসীম সাহসের অকৃত্রিম প্রকাশ। যে জাতি একটি তর্জনীর ইশারায় জেগে উঠে, রক্তসাগর পাড়ি দিয়ে, মাত্র নয়মাসে স্বাধীনতার লালসূর্য ছিনিয়ে আনতে পারে, সেই জাতি প্রমত্তা পদ্মার বুকের উপর দিয়ে যান চালাতে পারবেনা-সেটা কেবল তারাই ভাবতে পারে, যারা দিবাস্বপ্ন দেখেছিল বায়ান্নতে, একাত্তরে আর পঁচাত্তরে। তাদের কল্পনায়ই ছিলনা এক মুজিব লোকান্তরে গেলেও লক্ষ মুজিব ঘরে ঘরে জন্ম নেবে কিংবা এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে। ইতিহাস তাদেরকে শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে।
অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববাসী আবারও প্রমাণ পেলো, আপনি শেখ মুজিবের মেয়ে। বৃহৎ শক্তি কিংবা অপশক্তির কাছে আপনার মাথা নত হতে পারেনা। মানুষের ইতিহাস, উন্নয়নের ইতিহাস আর অসাধ্য সাধনের ইতিহাস আপনাকে চিরস্মরণীয় করে দিলো।
দেশরত্ন শেখ হাসিনা, শেখ মুজিবের মেয়ে বলেই আবার বাঙালি জাতিকে স্মরণ করিয়ে দিলেন, ‘বাংলাদেশ/ অবাক পৃথিবী অবাক তাকিয়ে রয়/ জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়।’ আবারও বিশ্বকে জানান দিলেন, ‘…বাঙালিকে দাবায়া রাখতে পারবানা।’ প্রমাণ করে দিলেন, দেশের প্রতি নিখাদ ভালবাসা থাকলে আর অগ্রযাত্রায় অদম্য আগ্রহ থাকলে ঠেকানোর সাধ্য কারও নেই। থাকতে পারেনা।
সত্যিই তো, বঙ্গবন্ধু নেই; কিন্তু শেখ হাসিনাতো আছেন। সতেরো কোটি বাঙালি যখন এটা ভাবে, তখন পিতাকে হারানোর শোকযন্ত্রণা খানিকটা হলেও প্রশমিত হয়।